সিলেট নগরীতে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অনুমোদনহীন প্রচারসামগ্রী লাগালে জরিমানার বিধান রয়েছে। নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় নিয়মিত তদারকিও জোরদার করবে সংস্থাটি।
বুধবার (২৮ অক্টোবর) সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এ তথ্য নিশ্চিত করেন।
সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়া কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, সম্প্রতি সিলেট নগরীতে যত্রতত্র পোস্টার ও ব্যানার লাগানোর প্রবণতা বেড়েছে। দেয়াল থেকে পোস্টার অপসারণ করতে পরিচ্ছন্নতাকর্মীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া যেকোনো স্থানে ইচ্ছামতো ব্যানার ও ফেস্টুন লাগানোর সুযোগ নেই। এসব প্রচারসামগ্রী নগরের সৌন্দর্য নষ্ট করে।
তিনি বলেন, অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগালে জরিমানার বিধান রয়েছে। তবে সিসিক এ বিষয়ে কঠোর হতে চায় না। কিন্তু নগরের সৌন্দর্য রক্ষায় কোনো আপস করা হবে না। এ জন্য অনুমোদনহীন প্রচারসামগ্রী অপসারণে নিয়মিত তদারকি জোরদার করা হবে।