প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ ০৯:৩২ (বুধবার)
সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এ অভিনেতাকে।

বৃহস্পতিবার আদালতে ডনের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাওহীদা আক্তার আবেদনটি নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ আগস্ট একই আদালতের বিচারক জুয়েল রানা সালমান শাহ হত্যা মামলায় ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু হয়। তার মৃত্যুর পর রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।

তবে দীর্ঘদিন পর মামলার মোড় ঘুরে যায়। গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় ডন ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মে ফেয়ার বিউটি পার্লারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদকে।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর হত্যা মামলা দায়েরের মধ্য দিয়ে আলোচিত এ ঘটনার বিচারিক প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে।