প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ ২০:৫৯ (শনিবার)
মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা

ছবি: সংগৃহীত

মেয়ের অসুস্থতা ও প্রতিবেশী এক নারীর মৃত্যুর কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেননি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। এ ঘটনায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেও সতর্ক করার পর পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে মহিউদ্দিন ঝাড়ুর দাবি, পারিবারিক কারণে তিনি কর্মসূচিতে যেতে পারেননি। তিনি বলেন, মেয়ের অসুস্থতা ও পাশের বাড়ির এক নারীর মৃত্যুর কারণে বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নিতে পারেননি। তবে শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য ছয়টি বাসের ব্যবস্থা করেছিলেন। নিজের অনুপস্থিতিকে ভুল স্বীকার করে তিনি আশা প্রকাশ করেন, সংগঠন বিষয়টি পুনর্বিবেচনা করবে।

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহিউদ্দিন ঝাড়ুর মেয়ে অসুস্থ ছিল। পাশাপাশি তাঁর প্রতিবেশী এক নারী মারা যাওয়ায় তিনি জেলা পর্যায়ের কর্মসূচিতে যেতে পারেননি। তবে ছয়টি বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। ওই বাসে করে শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীরা মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নেন।

আব্দুল মুহিত কদর আরও বলেন, কর্মসূচি সফল করতে মহিউদ্দিন ঝাড়ু তাঁদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। পারিবারিক সমস্যার কারণে শেষ মুহূর্তে তিনি নিজে যেতে পারেননি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রীমঙ্গলে বিএনপির রাজনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। সে সময় উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়ে দলীয় কর্মসূচি পালন করেছেন মহিউদ্দিন ঝাড়ু। বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁকে কারাবাসও করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।