ছবি: সংগৃহীত
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (জেসিপিএসসি) শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মেলায় শিক্ষার্থীদের তৈরি ৮৯টি প্রকল্প প্রদর্শিত হয়। এসব প্রকল্পের মাধ্যমে নিজেদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেসিপিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ জুলফিকার আলী, এএফডব্লিউসি, পিএসসি।
মেলা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত রাখা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের তৈরি ৮৯টি প্রকল্প ঘুরে দেখেন দর্শনার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিজেদের প্রকল্পের কার্যপদ্ধতি, উদ্দেশ্য ও সম্ভাবনা তুলে ধরে। বিচারকমণ্ডলী তাদের উপস্থাপনা ও প্রকল্পের বিবরণ শুনে মূল্যায়ন করেন।
প্রকল্প উপস্থাপনার চূড়ান্ত পর্বে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা; এই চার হাউসের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনটি করে মোট ১২টি প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পরবর্তী সময়ে পুরস্কার তুলে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ জুলফিকার আলী বলেন, মানুষের সহজাত কৌতূহল ও অদম্য চিন্তাশক্তিই পৃথিবীকে সুন্দর ও আধুনিক করে তুলেছে। আদিম যুগে আগুনের আবিষ্কার থেকে শুরু করে বর্তমান সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অভিযান ও জিন প্রযুক্তি; প্রতিটি যুগান্তকারী আবিষ্কার ও উদ্ভাবনের পেছনে রয়েছে মানুষের উদ্ভাবনী চেতনা।
তিনি বলেন, উদ্ভাবন শুধু বিজ্ঞানাগারের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও তথ্যপ্রযুক্তিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বাস্তবভিত্তিক জ্ঞানচর্চা শিক্ষার্থীদের প্রকৃত উদ্ভাবক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে সমাজ থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করতেও ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আলবার্ট আইনস্টাইনের উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘কল্পনাশক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান সীমিত, কিন্তু কল্পনাশক্তি সমগ্র বিশ্বকে ঘিরে রাখে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের কল্পনাশক্তিকে বিকশিত করার পাশাপাশি প্রশ্ন করতে শেখা, ভুল করতে ভয় না পাওয়া এবং প্রতিটি ব্যর্থতাকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
জেসিপিএসসির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ সারোয়ার আকন্দ, এইসির সার্বিক দিকনির্দেশনায় এবং উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক শারমিন আক্তারের তত্ত্বাবধানে মেলাটি আয়োজন করা হয়। এতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রহমতুন্নেছা কোরেশী।