প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ ২২:৩৫ (রবিবার)
লন্ডনে বাংলাদেশের মানবাধিকার ও আইনের শাসন নিয়ে সেমিনার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, বাক্‌স্বাধীনতা সংকুচিত হওয়া, শিশু অপহরণ ও ধর্ষণ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বিষয়ে উদ্বেগ জানান বক্তারা। একই সঙ্গে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনের একটি হলরুমে বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের উদ্যোগে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি : আইনের শাসন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক শরীফ আলমের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. সাইফ আহমেদ চৌধুরী।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসনের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার জনমনে উদ্বেগ তৈরি করছে।

তাঁরা শিশু অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ও বাক্‌স্বাধীনতা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

সেমিনারে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মারজান আহমেদ ও রবিউল হাসনাত শাওন, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ করীম রায়হান, অফিস সম্পাদক মো. আব্দুল কাদির, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক মো. রাজু মিয়া, সহপ্রচার সম্পাদক মো. জাহান আহমেদ, অর্থ সম্পাদক রাফি বিন কামাল, সাংস্কৃতিক সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং সহসাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমেদ তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেমিনারে অংশ নেন। আলোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়।