ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির ৬৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় এলাকা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেন আয়োজকেরা।
পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট জজকোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মো. ইয়াসিন খান।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফিজ আবু খালেদ, চেয়ারম্যান মো. নুর নবী ও অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। আরও উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় এবার পঞ্চমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়।