প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ০০:১০ (শনিবার)
রোববার শুরু হচ্ছে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি-সংক্রান্ত দাবি পূরণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী রোববার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশিত মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

বৈঠক শেষে শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোববার সকাল থেকেই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে। এ সময় শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পকারখানাগুলোকেও সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার সক্ষম হয়েছে। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বোর্ড গঠনের উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোবে বলে তিনি আশা করছেন।