প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ১২:৪৯ (শনিবার)
এইচএসসিতে ২৯৩ কলেজের সবাই ফেল, শতভাগ পাস ১৩৯টিতে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৩৯টি কলেজে। অন্যদিকে ২৯৩টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সaভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের মধ্য দিয়ে প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান হয়েছে শিক্ষার্থীদের।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে ফলাফল পাওয়া যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফলাফলের তালিকা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। ওয়েবসাইটের ফলাফল অংশে বোর্ড ও প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।

খুদে বার্তার মাধ্যমে ফল জানতে যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে ইংরেজিতে এইচএসসি লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC Dha 123456 2026।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না। খাতা পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেগুলো অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।