প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:০৮ (শনিবার)
সিলেটে যে কারণে ফয়সল-সুহাদাকে ধরলো এসআরবি

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদ (২৭) ও সুহাদা বেগম (৩০) নামে দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এবং বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসআরবি-৯, সিপিএসসি, সিলেট জানায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণভাগ তালিপাড়া এলাকার একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার তথ্য পায় তাদের একটি আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়ছল আহমদকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণভাগ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিয়ানীবাজারের উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সুহাদা বেগমকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার হাবিল মিয়ার স্ত্রী।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন তারা।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাদের ও জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।