প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:১১ (শনিবার)
দৃষ্টিকে জয় করে মদন মোহন কলেজের মৌমির জিপিএ-৫ প্রাপ্তির গল্প

দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁর স্বপ্নের পথে বাধা হতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তাহমিনা আক্তার মৌমি। তিনি সিলেটের সরকারি মদন মোহন কলেজ থেকে এ সাফল্য অর্জন করেছেন।

মৌমি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। তিনি গ্রিন ডিসএবেল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী।

দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে পড়াশোনার পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এসব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে গেছেন মৌমি। তাঁর এই সাফল্যে আনন্দিত জিডিএফ কর্তৃপক্ষ।

মৌমির পরীক্ষায় শ্রুতিলেখক হিসেবে দায়িত্ব পালন করেন হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব রায়। তাঁর সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্রে নিজের জানা বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন মৌমি।

এ সাফল্যের পেছনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও সরকারি মদন মোহন কলেজের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কয়েকজনের সহমর্মিতা ও উদ্যোগে মৌমির পরীক্ষায় অংশগ্রহণের পথ সুগম হয়।

তাহমিনা আক্তার মৌমির এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। যথাযথ সুযোগ, সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে শারীরিক প্রতিবন্ধকতা জয় করেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব, তা আবারও প্রমাণ করেছেন তিনি।