ছবি: জেলা প্রশাসন, সিলেট।
সিলেটের গোয়াইনঘাটের জাফলং ও জৈন্তাপুরের রাংপানি নদীতে অবৈধভাবে বালু-পাথর ও মাটি উত্তোলনবিরোধী যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) পৃথক অভিযানে ২০টি লিস্টার ও বোমা মেশিন, ৫টি অস্থায়ী তাঁবু এবং প্রায় ৩০টি নৌকা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড় ও তৎসংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কাজে কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযানে অবৈধ উত্তোলনে ব্যবহৃত ২০টি লিস্টার ও বোমা মেশিন এবং পাঁচটি অস্থায়ী তাঁবু ধ্বংস করা হয়। এ ছাড়া দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিক মেরামত করে দেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি এলাকায় সার্বক্ষণিক টহল দিতে পুলিশ ও গ্রাম পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বাংলাবাজারসংলগ্ন রাংপানি নদী ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন প্রতিরোধে যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়।
ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৩০টি নৌকা ভেঙে অকেজো করা হয়।
গোয়াইনঘাটের অভিযানে থানা পুলিশ, ৪৮ বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহায়তা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু-পাথর ও মাটি উত্তোলনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।