ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন, জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি ও চাতলপাড় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং ইয়াহ্ইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নূর মোহাম্মদ সাইফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন. খাদিমপুর নসিবেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মহরম আলী, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, সদরুননেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, মিনা বেগম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম, বিশ্বনাথের সরকারি শিক্ষক আব্দুস সালাম, ইসরা উল বানাত ফাজিল মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা খাতুন, রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ মিয়া, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, কবুলপুর আব্দুল্লাহপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়া, রা আলী মাদ্রাসার শিক্ষক রমজান আলী, রহমত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া এবং নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু এ কর্মসূচি ঘোষণার পর থেকেই একটি মহল আন্দোলন বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। আন্দোলন দমনের উদ্দেশ্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ জারি করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের চাপ কিংবা হয়রানিতে পিছিয়ে না গিয়ে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।