প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ২২:৫৮ (রবিবার)
এক আমিনুল, দুই চ্যাম্পিয়ন দল; কাল মধুর সংকটে ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে দুটি স্মরণীয় অর্জনের সাক্ষী ঢাকার জাতীয় স্টেডিয়াম। ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর একই মাঠে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে সোনা জয়ের আনন্দে মেতেছিল লাল-সবুজের দল। এবার সেই দুই গৌরবোজ্জ্বল দলের ফুটবলারদের আবারও একসঙ্গে দেখা যাবে একই মাঠে।

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রচার-প্রচারণার অংশ হিসেবে আগামীকাল রোববার (১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমসের সোনাজয়ী দল। বিকেল ৫টায় শুরু হবে প্রীতি ম্যাচটি। দুই প্রজন্মের তারকা ফুটবলারদের এই পুনর্মিলনী ঘিরে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

তবে এই ম্যাচে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশের ফুটবলের এই দুটি ঐতিহাসিক অর্জনেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাবেক তারকা গোলরক্ষকের। তিনি ২০০৩ সালের সাফজয়ী দলের সদস্য ছিলেন। আর ২০১০ সালের এসএ গেমসে সোনাজয়ী দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ছবি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দুই দলেরই সাফল্যের অংশীদার হওয়ায় এবার কোন দলের হয়ে মাঠে নামবেন আমিনুল- তা নিয়ে তৈরি হয়েছে মধুর জটিলতা। দুই দলের খেলোয়াড়েরাই তাঁকে নিজেদের জার্সিতে দেখতে চান। এ পরিস্থিতিতে দুই অর্ধে দুই দলের ভিন্ন জার্সি পরে মাঠে নামতে পারেন তিনি।

আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া মূল সাফ চ্যাম্পিয়নশিপের আগে আয়োজিত এই প্রীতি ম্যাচের উদ্দেশ্য পুরোনো সাফল্যের স্মৃতিচারণের পাশাপাশি দেশের ফুটবলে নতুন উদ্দীপনা তৈরি এবং দর্শকদের সম্পৃক্ত করা। কোচ টমাস ডুলির অধীনে জাতীয় দলের চলমান প্রস্তুতির মধ্যেই সাবেক চ্যাম্পিয়নদের এই লড়াই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে না স্বাগতিকরা। আগামী ৫ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসর। একই দিন নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের জাতীয় দল।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। আর ১৭ নভেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।