প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ ১২:৩৩ (রবিবার)
শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে যোগ দেয়ার আহ্বান মন্ত্রী আরিফের

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) থেকে এ বোর্ড কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলেন তিনি।