ছবি: সংগৃহীত
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) সিনা ইবনে জামালী এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী।
বিশেষ অতিথি লে. জে. (অব.) সিনা ইবনে জামালীকে ক্রেস্ট প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল মুমিন সাদ্দাম।
এছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ শোয়াইব।
এমন আয়োজনের উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল মুমিন সাদ্দাম ইমজা নিউজকে বলেন, দেশের ভলিবলের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে ক্লাব পর্যায়ের প্রতিযোগিতার গুরুত্ব অনেক। এ ধরনের লিগের মাধ্যমে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পান।
তিনি বলেন, ‘আমরা চাই, প্রতিটি ক্লাব নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিক এবং খেলোয়াড়দের মানোন্নয়নে ভূমিকা রাখুক। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দেশের ভলিবলকে আরও এগিয়ে নিতে ফেডারেশন কাজ করে যাচ্ছে।’
তিনি জানান, এবারের লিগের বাছাইপর্ব থেকে উত্তীর্ণ চারটি দল এবং আগের আসরের নয়টি দলসহ মোট ১৩টি দল নিয়ে মূল পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের ক্লাব পর্যায়ের ভলিবল খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের উঠে আসার সুযোগ সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে ভলিবলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন সংশ্লিষ্ট সবার সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছে।