প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ ১৯:৫৩ (বুধবার)
সিলেটে চেক ডিজঅনার মামলায় কারাগারে নারী

ছবি: সংগৃহীত

সিলেটে চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম মোছা. ফাতেমা বেগম।

রোববার (১ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ফাতেমা বেগম সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার ধোপাদিঘীর পূর্বপাড় এলাকার সি ব্লকের অনাবিল ১০৭ নম্বর বাসার মো. শামীম খানের মেয়ে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফাতেমা বেগম তাঁর নিকটাত্মীয় শাহপরান থানার খাদিমনগর টিকরপাড়া এলাকার শফিক মিয়ার মেয়ে স্বপ্না খাতুনের কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা ঋণ নেন। পরে টাকা ফেরত দেওয়ার তাগাদা দিলে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি তিনি স্বপ্নাকে উত্তরা ব্যাংকের সিলেট শাখায় তাঁর হিসাবের বিপরীতে ৪ লাখ টাকার একটি চেক দেন।

ওই বছরের ৬ জুন চেকটি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বটেশ্বর শাখায় জমা দেওয়া হলে তা ডিজঅনার হয়। বিষয়টি মৌখিকভাবে ফাতেমাকে জানানো হলেও তিনি টাকা পরিশোধে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে পাওনা টাকা পরিশোধের জন্য ৩০ দিনের সময় দিয়ে ১১ জুন ফাতেমাকে লিগ্যাল নোটিশ পাঠান স্বপ্না। এতেও টাকা ফেরত না পাওয়ায় ওই বছরের ১৮ জুলাই সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। মামলাটি শাহপরান সিআর মামলা নম্বর ২৮৫/২৪ হিসেবে নথিভুক্ত হয়।

এ মামলায় গত ৭ অক্টোবর রায় ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।

রায়ে ফাতেমা বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির। আদালত সূত্র জানিয়েছে, রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।