ছবি: সংগৃহিত
জাতীয় স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশের সাবেক ফুটবলারদের মিলনমেলা। আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২০০৩ সালের সাফজয়ী দল ও ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। এতে সাফজয়ী দলকে ২-১ গোলে হারিয়েছে এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দল।
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় এসএ গেমসের স্বর্ণজয়ী দল। পরে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সাফজয়ীরা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এসএ গেমসের দল। খেলার মাঝামাঝি সময়ে মিঠুর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ দিকে আরও একটি পেনাল্টি পায় এসএ গেমসের দল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ম্যাচে ব্যতিক্রমী ভূমিকায় ছিলেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথমার্ধে তিনি খেলেছেন সাফজয়ী দলের হয়ে, আর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এসএ গেমসের দলের জার্সিতে। ২০০৩ সালের সাফ ও ২০১০ সালের এসএ গেমসজয়ী- দুই দলেরই সদস্য ছিলেন তিনি।
সাফজয়ী দলের হয়ে মাঠে নামেন আলফাজ আহমেদ, কাঞ্চন, বিপ্লব ভট্টাচার্য ও হাসান আল মামুন।
অন্যদিকে এসএ গেমসের দলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক মামুনুল হক, জাহিদ হাসান এমিলিসহ সাবেক তারকা ফুটবলাররা।
খেলা উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও কোচ শফিকুল ইসলাম মানিকসহ সাবেক ফুটবলার ও ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা।