ছবি: সংগৃহিত
দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। স্বাগতিক বাংলাদেশ দল শিরোপা জিততে পারলে সরকারের পক্ষ থেকে ফুটবলারদের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালের সাফজয়ী ও ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষে তিনি এ ঘোষণা দেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা অর্জন ১৯৯৯ সালের এসএ গেমসে স্বর্ণপদক জয়, ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়া এবং ২০১০ সালে সর্বশেষ এসএ গেমসে স্বর্ণপদক অর্জন। সৌভাগ্যক্রমে তিনি এই দুই চ্যাম্পিয়ন দলেরই সদস্য ছিলেন। ২০০৩ সালে গোলরক্ষক এবং ২০১০ সালে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে উৎসাহিত করতেই দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে জয়-পরাজয় বড় বিষয় নয়। আগামী ৫ নভেম্বর আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে এবং উৎসাহিত করতেই আজকের এই আয়োজন।’
বাংলাদেশের শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। ঢাকার মাটিতে অনুষ্ঠিত এবারের আসরে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হবে বলে তিনি আশা করছেন।
আমিনুল হক আরও বলেন, ‘বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়নশিপ অর্জন করে, ইনশাআল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকে দলটির জন্য সর্বোচ্চ উপহার থাকবে। সেই উপহারের অপেক্ষায় আপনারা থাকেন।’
নিজেদের মাঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফুটবলাররা সর্বোচ্চটা দিয়ে খেলবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।