ছবি: সংগৃহীত
চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় আগের দিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসা সেই অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার পর রোববার (১ নভেম্বর) সকালে পরিবারের সদস্যদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) সকালে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই নারী প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রত্যয়নপত্র দেখাতে না পারায় তাঁকে বিমানে ওঠার অনুমতি দেয়নি বিমান কর্তৃপক্ষ। এ সময় পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় ওই যাত্রা বাতিল করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, শনিবার চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় ওই যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়নি। তবে রোববার সকালে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর নিয়ম অনুযায়ী তাঁকে ও পরিবারের সদস্যদের ফ্লাইটে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
রোববার সকালে তাঁরা লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।