প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ ২২:৪৬ (সোমবার)
তিন দিন গ্যাসের স্বল্প চাপের শঙ্কা, প্রভাব পড়বে সিলেটেও

ছবি: সংগৃহীত

সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাবে। এতে সিলেটসহ সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। ভোগান্তিতে পড়তে পারেন সিলেটের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প পর্যায়ের গ্রাহকেরা।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।

ফলে নির্ধারিত সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।