প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬ ১৫:৩১ (সোমবার)
আমিরাতে দুর্ঘ/টনায় সিলেটের একজনসহ ২ বাংলাদেশির মৃ/ত্যু

সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) নামে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ও আগের দিন বৃহস্পতিবার দেশটির ফুজাইরাহ ও শারজাহ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ রায়হানের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নে। তিনি প্রায় পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে পণ্য সরবরাহের কাজ করতেন।

দুবাই প্রবাসী আরেক মোটরসাইকেল চালক মোহাম্মদ আল আমিন হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বায়েজিদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে শারজাহর আল খোয়াজামিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে। দুই বছর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বৃহস্পতিবার দুপুরে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন মহসিন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পুলিশ তাকে উদ্ধার করে শারজাহর আল কাসিমি হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানো হবে।