ছবি: সংগৃহীত
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ভিসা ও নিয়োগচুক্তি যাচাই, ইকামা, বেতন, চাকরি পরিবর্তন, সামাজিক আচরণ, সড়ক নিরাপত্তা, অর্থ লেনদেন এবং জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসীদের নিরাপদ ও বৈধভাবে কাজ করা এবং সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিসা, নিয়োগ ও প্রয়োজনীয় কাগজপত্র
সৌদি আরবে যাওয়ার আগে ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করতে বলা হয়েছে। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া কিংবা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইকামা সব সময় সঙ্গে রাখা এবং আবশের অ্যাপের মাধ্যমে মেয়াদ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কিউইভা প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করতে হবে। পাসপোর্টের মেয়াদ ছয় মাস বাকি থাকতে নবায়ন বা পুনরায় ইস্যুর উদ্যোগ নিতে হবে। না বুঝে কিংবা সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া যাবে না। ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার, তাই এ জন্য কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বেতন, চাকরি পরিবর্তন ও দেশে ফেরা
নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করতে হবে। বেতন ব্যাংকিং চ্যানেলে গ্রহণ এবং ব্যাংক হিসাবের বিবরণী সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে সমস্যা হলে মকতব আমল বা শ্রম দপ্তরের ১৯৯১১ নম্বরে কিংবা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিজ নিয়োগকর্তার বাইরে বা অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানে কাজ করা যাবে না। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিউইভা প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালিয়ে না গিয়ে আইনগত সহায়তা নিতে হবে।
দেশে ফেরার আগে জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞা যাচাই, মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ এবং ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ৪০ হাজার রিয়াল বা এর বেশি নগদ অর্থ কিংবা সোনা বহন করলে কাস্টমসে ঘোষণা দিতে হবে। টাকার বিনিময়ে অন্যের সোনা বা মোবাইল বহন না করারও নির্দেশনা রয়েছে।
সামাজিক আচরণ ও নারী-শিশুর নিরাপত্তা
সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি মেনে শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখতে বলা হয়েছে। জনসমক্ষে ঝগড়া, গালাগাল, মারামারি, ময়লা ফেলা কিংবা অন্যের জাতি, দেশ ও গায়ের রং নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকতে হবে।
নারী ও শিশুদের সঙ্গে আচরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কারও ছবি তোলা, শিশুদের স্পর্শ করা, কোলে নেওয়া বা খাবার দেওয়া যাবে না। নারীদের অনুসরণ, বিরক্ত করা, স্পর্শ কিংবা অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। অপরিচিত বা প্রতিবেশীর বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে।
ধর্ম, সংস্কৃতি ও সামাজিক যোগাযোগমাধ্যম
নামাজের সময় কাজ বন্ধ রেখে নামাজ আদায়, রমজানে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকা এবং মসজিদে মোবাইল ফোন নীরব রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম, রাজপরিবার ও সরকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা পোস্ট না করার পাশাপাশি মিছিল, সমাবেশ ও ধর্মঘটে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইনে কোনো খবর শেয়ার করার আগে যাচাই, শক্তিশালী পাসওয়ার্ড ও দুই স্তরের নিরাপত্তা ব্যবহার এবং শুধু অনুমোদিত অ্যাপ ব্যবহারের কথা বলা হয়েছে। অনুমতি ছাড়া নারী, শিশু বা পরিবারের সদস্যদের ছবি তোলা যাবে না। গুজব, অশ্লীল ভিডিও কিংবা মিম ছড়ানো থেকেও বিরত থাকতে হবে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধব্যবস্থা, আঘাতস্থল ও নিরাপত্তা-সংবেদনশীল স্থানের ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ ও শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা
গাড়ি চালানোর ক্ষেত্রে বৈধ লাইসেন্স ও বিমা নিশ্চিত করা, সিটবেল্ট ব্যবহার, গতিসীমা ও ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা রয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং লাইসেন্স বা বিমা ছাড়া গাড়ি চালানো যাবে না। দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল ছেড়ে না গিয়ে নাজম ও পুলিশের প্রতিবেদন সংগ্রহ করতে হবে।
দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭ এবং জরুরি সেবার জন্য ৯১১ বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আহত ব্যক্তির প্রাণঝুঁকি না থাকলে তাঁকে টেনে তোলা যাবে না। দুর্ঘটনাস্থলে ভিড় করা, ছবি-ভিডিও ধারণ কিংবা আহত ও নিহত ব্যক্তির মালামালে হাত দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
অর্থ লেনদেন, ঋণ ও সঞ্চয়
শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। হুন্ডি, অন্যের নামে ব্যবসা, নিজের ব্যাংক কার্ড বা সিম অন্যকে দেওয়া এবং অন্যের ঋণের জামিনদার হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিয়মিত সঞ্চয় এবং বিল ও ঋণ সময়মতো পরিশোধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ওষুধ, মাদক ও কর্মস্থলের নিরাপত্তা
সৌদি আরবে ওষুধ নেওয়ার ক্ষেত্রে দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (এসএফডিএ) অনুমতি নিতে হবে। ওষুধের প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত অনুমতির ওয়েবসাইট: https://cds.sfda.gov.sa
অন্যের দেওয়া ব্যাগ, প্যাকেট বা ওষুধ বহন না করার পাশাপাশি মদ, মাদক ও জুয়া থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মস্থলে হেলমেট, সেফটি বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে কাজ করা নিষিদ্ধ থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
হজ-উমরাহ ও পারিবারিক বিষয়
হজ, উমরাহ ও জিয়ারতের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নেওয়ার নির্দেশনা রয়েছে। অনুমতি ছাড়া হজ করা বা হাজি বহন করা যাবে না। বিয়ে আইনসম্মতভাবে নিবন্ধন এবং সন্তানের জন্মনিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। গোপন বা নিবন্ধনহীন বিয়ে এবং বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিপদে যেসব নম্বরে যোগাযোগ করবেন
জরুরি পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের জন্য ৯১১ ও ৯৯৯ নম্বরে যোগাযোগের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ নম্বরগুলো হলো—
- জরুরি সেবা: ৯১১ (রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চল)
- অন্যান্য অঞ্চলে পুলিশ: ৯৯৯
- অ্যাম্বুলেন্স: ৯৯৭
- অগ্নিনির্বাপণ: ৯৯৮
- ট্রাফিক পুলিশ: ৯৯৩
- শ্রম অভিযোগ: ১৯৯১১
- দূতাবাসের শ্রমকল্যাণ উইং: ৮০০১০০০১২৫
- দূতাবাসের কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬
- প্রবাসবন্ধু কল সেন্টার: ১৬১৩৫
মন্ত্রণালয় প্রবাসীদের বৈধভাবে সৌদি আরবে অবস্থান, দেশটির আইন মেনে চলা, সব ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ এবং বিপদে পড়লে দালালের পরিবর্তে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে।