ছবি: সংগৃহীত
দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি টেনেছিলেন ২০২০ সালে। এরপর কেটে গেছে ছয় বছরের বেশি সময়। একাকী জীবন, পরিবার আর সংগীতজগৎ নিয়েই ব্যস্ত ছিলেন ভারতের জনপ্রিয় গায়িকা রিমি টমি। তবে এবার জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন তিনি। দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। মজার বিষয়, হবু স্বামী কোনো তারকা নন, কোটিপতিও নন। অর্থ কিংবা খ্যাতির চেয়ে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ মানসিক শান্তি ও ভালোবাসা।
প্রথম বিয়ের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ভক্তদের এই সুখবর জানিয়েছেন তিনি। বলেছেন, ২০২৬ সালে তাঁর জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা।
ভিডিওতে নিজের নতুন সম্পর্কের কথা জানাতে গিয়ে রিমি বলেন, ‘আজ এমন একটি খবর জানাতে যাচ্ছি, যা আপনাদের অনেককেই আনন্দ দেবে। আমি ঘুরে বেড়াতে এবং একা থাকতে ভালোবাসি। পরিবারের সবাই সব সময় আমার পাশে ছিলেন। তারপরও মনে হতো, জীবনে একজন জীবনসঙ্গীর অভাব রয়েছে। অবশেষে ২০২৬ সালে একজন মানুষের আগমন ঘটেছে আমার জীবনে।’
কে সেই হবু স্বামী
নতুন সঙ্গীর নাম কিংবা পরিচয় এখনো প্রকাশ করেননি রিমি। তবে হবু স্বামী সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। জানিয়েছেন, তিনি বিনোদনজগতের কেউ নন। অভিনেতা বা গায়কও নন। এমনকি কোটিপতিও নন।
রিমির ভাষায়, ‘তিনি অভিনেতা নন, গায়ক নন, কোনো বিখ্যাত মানুষও নন। এমনকি কোটিপতিও নন।’
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অর্থ কিংবা সামাজিক পরিচিতিকে গুরুত্ব দেননি এই গায়িকা। বরং দুজনের মানসিকতার মিল, পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, এমন একজন মানুষ চেয়েছিলেন, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এবং মানসিক শান্তি দেবেন। তাঁর কাছে অর্থ কিংবা খ্যাতির চেয়ে ভালোবাসা ও যত্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নতুন এই সম্পর্ক নিয়ে বেশ আশাবাদী রিমি। তাঁর মতে, জীবনে এমন একজন মানুষের আগমন অনেকটা ঈশ্বরের উপহারের মতো।
গায়িকা বলেন, ‘আমার মনে হচ্ছে, এটি ঈশ্বরের দেওয়া উপহার। জীবনের পথে এগিয়ে গেলেই বাকি সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
নতুন সঙ্গীর সঙ্গে পরিচয়ের পর থেকেই মানসিকভাবে অনেক শান্তিতে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। পরিচয়ের সময় খুব বেশি দিন না হলেও দুজনের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হয়েছে।
রিমির কথায়, তাঁর প্রয়োজন ছিল এমন একজন মানুষ, যিনি শান্ত স্বভাবের, তাঁর যত্ন নেবেন এবং তাঁকে বুঝবেন। নতুন সম্পর্কের মধ্যে সেই বিষয়গুলো খুঁজে পেয়েছেন তিনি।
ভিডিওর শেষে হবু স্বামীর নাম ও পরিচয় শিগগিরই প্রকাশ করার ইঙ্গিত দিয়েছেন গায়িকা। পাশাপাশি নতুন জীবনের শুরুতে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন।
১১ বছরের সংসারের পর বিচ্ছেদ
ব্যবসায়ী রয়েস কিঝাকুডানের সঙ্গে ২০০৮ সালের ২৭ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিমি টমি। ভারতের কেরালার ত্রিশুরে হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান।
দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২০ সালের ১৬ এপ্রিল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন রিমি ও রয়েস। এ জন্য তাঁরা এরনাকুলাম পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
এরপর থেকে নিজের সংগীতজীবন ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ছিলেন রিমি। এবার নতুন করে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।
সংগীতের দল ‘অ্যাঞ্জেল ভয়েস’-এর সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রিমি। পরে মিমিক্রি শিল্পী ও সংগীত পরিচালক নাদির শাহের নজরে আসেন তিনি। তাঁর মাধ্যমেই পরিচালক লাল জোস ও সংগীত পরিচালক বিদ্যাসাগরের সঙ্গে পরিচয় হয় রিমির।
২০০২ সালে ‘মিসা মাধবন’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক ঘটে তাঁর। এই সিনেমায় গাওয়া ‘চিঙ্গামাসাম’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
এরপর একের পর এক মালয়ালম সিনেমায় গান গেয়ে নিজের অবস্থান তৈরি করেন রিমি। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ছাতিক্কাথা চান্থু’, ‘নাম্মাল থাম্মিল’, ‘উদয়ানানু থারাম’, ‘ছোটা মুম্বাই’, ‘চকলেট’, ‘মুল্লা’, ‘এলসাম্মা এন্না আনকুট্টি’ ও ‘বডিগার্ড’।
গানের পাশাপাশি টেলিভিশন উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার সংগীত ও উপস্থাপনার বাইরে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই গায়িকা।