প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ ১১:২৮ (বুধবার)
ঢাকায় শেনজেন ভিসার দায়িত্ব ছাড়ল সুইডেন দূতাবাস

ছবি: সংগৃহীত

ইউরোপে ভ্রমণের জন্য শেনজেন ভিসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। এখন থেকে দূতাবাসটি আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করবে না। এমনকি ভিসাসংক্রান্ত তথ্য, পরামর্শ ও সহায়তাও দেবে না প্রতিষ্ঠানটি। ফলে ভিসা, আমন্ত্রণপত্র, আপিল কিংবা আবেদনসংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আবেদনকারী ও তাঁদের স্পন্সরদের সরাসরি যোগাযোগ করতে হবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে।

বাংলাদেশে শেনজেন ভিসাসংক্রান্ত সেবা দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। এখন থেকে দূতাবাসটি শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করবে না। একই সঙ্গে এ ভিসাসংক্রান্ত কোনো ধরনের তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার দায়িত্বও দূতাবাসের হাতে থাকছে না।

সোমবার (২ নভেম্বর) দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আবেদনকারী এবং তাঁদের স্পন্সরদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সঙ্গে যোগাযোগ করতে হবে।

দূতাবাস জানিয়েছে, এসব বিষয়ে এখন আর তারা কোনো তথ্য বা সহায়তা দিতে পারবে না।

সংশ্লিষ্ট তথ্যের জন্য আবেদনকারীদের সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শেনজেন ভিসা ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের অনুমতি দেয়। এ ভিসার মাধ্যমে সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যায়।

বর্তমানে শেনজেন অঞ্চলে ২৯টি দেশ রয়েছে। একটি শেনজেন ভিসা নিয়ে নির্ধারিত শর্ত মেনে এসব দেশের মধ্যে ভ্রমণ করা যায়।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য কী করণীয়?
নতুন নির্দেশনার ফলে সুইডেনের শেনজেন ভিসা নিতে আগ্রহী বাংলাদেশিদের আবেদনসংক্রান্ত তথ্য জানতে দূতাবাসের পরিবর্তে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিশেষ করে যাঁদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, যাঁরা আমন্ত্রণপত্রের মাধ্যমে আবেদন করতে চান কিংবা ভিসা প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করতে চান, তাঁদের নতুন যোগাযোগব্যবস্থা অনুসরণ করতে হবে।