প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ ২১:২৯ (বুধবার)
গ্রাম পুলিশ বাহিনীর বিধিমালায় সংশোধন, বদলাল পদবি

ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশ বাহিনী সংক্রান্ত বিধিমালায় সংশোধন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’-এর পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’-এর পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংশোধনী এনেছে। গত ১ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এর সংশোধন করেছে।

সংশোধনী অনুযায়ী, মূল বিধিমালায় যেখানে ‘দফাদার’ শব্দটি রয়েছে, সেখানে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।