ছবি: এসএমপি।
সিলেট মহানগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জরুরি সভা করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) ট্রাফিক বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়। সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব।
সভায় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের বিভিন্ন জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), সার্জেন্ট ও টিএসআইদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মহানগরবাসীকে উন্নত ও জনবান্ধব ট্রাফিক সেবা প্রদান, সাধারণ মানুষের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখা, ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।
সভায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।