প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬ ১১:৪০ (বুধবার)
কালী পূজা, দীপাবলিতে পটকা নিষিদ্ধের দাবি পূজা উদযাপন পরিষদের

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আসন্ন কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় সকল ধরনের পটকার অবৈধ সরবরাহ, বিক্রি ও ফোটানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ এক বিবৃতিতে বলেন, কালী পূজা ও দীপাবলি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এ অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট করার অপচেষ্টায় কেউ কেউ পটকা ফোটানোতে লিপ্ত হয়। এর ফলে ধর্মীয় অনুষ্ঠানের ব্যাঘাত সহ এসব অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করে। এসব পটকাবাজী কোনভাবেই ধর্মীয় আচারের অংশ নয়। তাদের এসব হীন কার্যক্রমের ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি সামাজিক সম্প্রীতি নষ্টের আশংকা সৃষ্টি করে।

এছাড়াও এসব পটকার আওয়াজে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিগত দিনগুলোতে পটকার কারণে কিছু দূর্ঘটনারও সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের এসব পটকার অবৈধ পাচার ও ব্যবসা বন্ধে উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয়েছে।

তারই ধারাবাহিকতায় সিলেটের আইন-শৃঙ্খলা বাহিনীকে আবারও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।