প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬ ১৮:৪০ (বুধবার)
মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

‘সচেতনতা ও শৃঙ্খলার আলোয় গড়বো ভবিষ্যৎ’- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী।

শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে শৃঙ্খলা ও সচেতনতার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্কুল আইডি কার্ড কেবল শিক্ষার্থীর পরিচয়ই বহন করে না, বরং এটি তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করে। শৃঙ্খলার আলোতেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সাথে আইন মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং কিশোর অপরাধ ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, গোয়াইনঘাট থানার এসআই সুবিনয় বৈধ্য এবং মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসাইন, সূর্য তরুন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন ডিজিটাল পরিচয়পত্র তুলে দেন।