প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬ ২২:৩৯ (বৃহস্পতিবার)
ফুটপাত উচ্ছেদকালে ঘুষের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গণধোলাই

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় ‘পাকার মাথা’ এলাকায় এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও অবৈধ দখলমুক্ত রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরে ফুটপাত উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও দোকানিদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে মোটা অঙ্কের টাকা দাবি ও লেনদেনের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে মারধর করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।