ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রামের ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের মাহতাব মিয়ার লোকজনের সঙ্গে হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের লোকজনের বিরোধ দেখা দেয়। দুই গ্রামের এক ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।