ছবি: সংগৃহীত
সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে একসময় উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়। তবে বিগত ১৭ বছর বিদ্যালয়টি উন্নয়ন ও বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (৪ নভেম্বর) স্বামীর হাতে গড়া এবং তাঁর নামে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
বিদ্যালয়টি বালাগঞ্জ ও পূর্ব পৈলনপুর ইউনিয়নের মধ্যবর্তী কালীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত। ২০০১ সালে এম ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ অঞ্চলে মাধ্যমিক শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়। একসময় যোগাযোগ ও শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকা এ অঞ্চলে প্রতিষ্ঠানটি এখন শিক্ষার আলো ছড়াচ্ছে।
পরিদর্শনকালে তাহসিনা রুশদীর লুনা বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের খোঁজখবর নেন। শিক্ষকদের সঙ্গে সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, একসময় এই এলাকায় কোনো রাস্তা ছিল না, স্কুল ছিল না। সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। মানুষের ভাগ্যোন্নয়নে জননেতা এম ইলিয়াস আলী যে স্বপ্ন দেখেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার পক্ষেই কেবল এমন অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এম ইলিয়াস আলীর নামে নামকরণ হওয়ায় বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নানা অপচেষ্টা করা হয়েছে। তবে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই চেষ্টা সফল হয়নি। এ সময়ে বিদ্যালয়টি উন্নয়ন ও বৈষম্যের শিকার হয়েছে।
লুনা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনে হাজারো সুনাগরিক গড়ে তুলবে বলে তিনি আশাবাদী। বিদ্যালয়সহ এলাকার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে এম ইলিয়াস আলীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
তাঁর পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। প্রধান অতিথির বক্তব্য দেন তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম রাব্বানী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো,ময়নুল হক, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া, শাহ জুনাব আলী, আব্দুল বারী, যুগ্ম-সম্পাদক সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক মনছুর আহমদ, কাউছার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, বিএনপি নেতা, চেরাগ আলী, শাহীন আহমদ, মকবুল হোসেন, মিজান আহমদ, মকবুল আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ফয়েজ আহমেদ, আব্দুল মতিন, শাহ নুর খান, আব্দুল আলী ও মখদ্দুছ আলী প্রমুখ।
তরুন দল নেতা কাওছার আহমদের সঞ্চালনায় পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম।