প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬ ১৯:১৯ (শুক্রবার)
দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির

খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি দুই দিনের সরকারি সফরে শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আসছেন। তাঁর সফরসূচিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগদান, বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়, ইমাম সম্মেলন, বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান, বিএনপির সমাবেশ ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রথমদিন শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

বিকেল ৫টায় সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। নগরের উইন্ডসর হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় সিলেট সদর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। নগরের আল হামরা শপিং সিটির বাফেট প্যারাডাইসে এ সভা অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরের হোটেল ফরচুন গার্ডেনে ‘সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করছে।

সকাল ১১টায় সিলেট শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

দুপুর ১টায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। নগরের রেজিস্ট্রারি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

একই মাঠে দুপুর ২টায় সিলেট জেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

সন্ধ্যা ৬টায় নগরের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় অংশ নেবেন মন্ত্রী। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ সভার আয়োজন করবে।

সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।