প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬ ২১:০৮ (বৃহস্পতিবার)
‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছবাড়ি বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী ও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আকস্মিকভাবে মিছিল শুরু করেন। এতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

মিছিল থেকে ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রায় চার থেকে পাঁচ মিনিট পর মিছিলটি শেষ হয়।

এদিকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে এ মিছিল করা হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।