ছবি: সংগৃহীত
বিদ্যালয়ের পোশাক পরেই হাতে স্প্রে রং নিয়ে দেয়ালে একের পর এক রাজনৈতিক স্লোগান লিখছে কয়েকজন ছাত্রী। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলিতে এমন দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এরই মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বসতবাড়ির দেয়ালে কালো রঙে লেখা বিভিন্ন স্লোগান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যালয়ের পোশাক পরা ছয় শিক্ষার্থী গলির বিভিন্ন দেয়ালে স্প্রে রং দিয়ে জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান লিখছেন। তাঁদের মধ্যে দুজন সরাসরি দেয়ালে লিখছিলেন, অন্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।
স্থানীয়দের দাবি, বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসব স্লোগান লেখেন। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, দিনের বেলায় স্কুলের শিক্ষার্থীরা দেয়ালে স্লোগান লিখেছেন। পরদিন বিষয়টি জানাজানি হলে পুলিশসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থলে আসেন।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা এসব স্লোগান লিখেছেন। জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কার নির্দেশে শিক্ষার্থীরা দেয়ালে এসব স্লোগান লিখেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।