ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে গিয়ে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তাঁরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এর আগে শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সেখানে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর নির্ধারিত সফরসূচিও বাতিল করা হয়।

মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালনকারী বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে টানা পরিশ্রম করছেন মন্ত্রী। পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। এসব কারণে তাঁকে অনেক পরিশ্রম করতে হচ্ছে।
শাহাব উদ্দিন শিহাব আরও জানান, ঢাকায় থাকতেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। তারপরও সিলেটে নিজের নির্বাচনী এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। সফরকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত সফরসূচি বাতিল করে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে তিনি জানতে পেরেছেন, বর্তমানে মন্ত্রী অনেকটা সুস্থ বোধ করছেন।
এদিকে আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা সুস্থতা কামনা করছেন।