ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বছরের শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি সিএনজিচালিত অটোরিকশাকে কভার্ডভ্যানের সজোরে ধাক্কায় প্রাণ হারিয়েছেন তাঁরা। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় মহাসড়কের পাশে একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও স্বর্ণা পালের এক বছরের শিশু সন্তান গিরিরাজ পাল এবং নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটিসহ তার বাবা-মা এবং অটোরিকশার যাত্রী সাইদুর রহমান গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত সাইদুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নবীগঞ্জে নিয়ে আসা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একটি দুর্ঘটনায় নিষ্পাপ শিশুসহ দুই প্রাণের এমন মর্মান্তিক বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে গুরুতর আহত শিশুটির বাবা-মায়ের সুস্থতা কামনা করছেন স্থানীয়রা।