সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৫৭টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে ১০২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। অভিযানে ১৫৭টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১০২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৪৮টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।