সিলেটে সাদাপাথর এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মদ বহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের খাদিমনগরের ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।
আটক মহরম আলী (৪৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোম্পানীগঞ্জ থেকে সাদাপাথর এক্সপ্রেস বাসে করে কয়েকজন মাদক কারবারি সিলেট নগরীর দিকে আসছেন। পরে ধোপাগুল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাসটি থামানো হয়। তল্লাশির একপর্যায়ে মহরম আলীর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ও একটি স্কুলব্যাগ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসআরবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে মহরম আলী জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে এসব মদ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা মদ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এসআরবি।