প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬ ১৩:২৮ (সোমবার)
বদলে যাচ্ছে সিলেটের প্রতিটি ইউনিয়নের সড়কের নাম

সিলেটসহ দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের কাছেও পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচির আওতায় পরিচালিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশের অনুকূল বিভিন্ন কার্যক্রমে ব্যয় করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।