প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ১৮:১৩ (বৃহস্পতিবার)
মুখে বৈরিতা, বাণিজ্যে নির্ভরতা: ভারতের পণ্য কিনছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

যুদ্ধের উত্তেজনা ও রাজনৈতিক বৈরিতা এখনো পুরোপুরি কাটেনি। দুই দেশের মধ্যে নেই কোনো আনুষ্ঠানিক বাণিজ্য সম্পর্কও। অথচ বাস্তবতা হলো, ভারত থেকে পাকিস্তানের পণ্য আমদানি আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরে গেছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে প্রায় ৬৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, দুই চিরবৈরী প্রতিবেশীর সম্পর্কের বরফ গলতে শুরু করার ইঙ্গিত দিচ্ছে এই বাণিজ্য।

২০২৫ সালের বসন্তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে।

এর জেরে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ, ওয়াঘা সীমান্ত বন্ধ এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দেয়।

এরপর ওই বছরের মে মাসে দুই পরমাণু শক্তিধর দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জড়িয়ে পড়ে। চার দিন পর যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেও দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকেনি। পাকিস্তানের স্টেট ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে প্রায় সাড়ে ছয় কোটি ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। গত বছরের একই সময়ের তুলনায় এই আমদানি প্রায় ৬৯ শতাংশ বেশি।

আমদানির বড় অংশজুড়ে রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান। পাকিস্তানের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে, এসব পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরতা কমানো কঠিন। অন্য দেশ থেকে একই পণ্য আমদানি করতে গেলে ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা এড়াতে কিছু ভারতীয় পণ্য দুবাই ও মালয়েশিয়ার মতো তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করছে বলেও জানা গেছে।

বাণিজ্যের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও কিছুটা ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। সম্প্রতি ওয়াঘা সীমান্ত দিয়ে কয়েকজন পাকিস্তানি নাগরিককে সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

এ ছাড়া ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের ফুটবলারদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বিরোধ ও নিরাপত্তা উত্তেজনা থাকলেও অর্থনৈতিক বাস্তবতা দুই দেশকে আবারও পরোক্ষ বাণিজ্যের দিকে ঠেলে দিচ্ছে। তবে এই প্রবণতা শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সম্পর্কের উন্নয়নে কতটা ভূমিকা রাখবে, সেটিই এখন দেখার বিষয়।