প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ১৯:১৬ (বৃহস্পতিবার)
কোন ইউপিতে কবে ভোট, সিদ্ধান্ত নিতে বসছে নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে কমিশন। ওই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এগুলো হলো পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের চিন্তা করছে কমিশন। সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।