প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ২০:০৫ (বৃহস্পতিবার)
ইউরোপের ২ দেশ থেকে ফেরত ৪৪ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নথিপত্রহীন ও অনিয়মিত পথে ইউরোপে গিয়ে শেষ পর্যন্ত দেশে ফিরতে হলো আরও ৪৪ বাংলাদেশিকে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার জন্য অন্যদের উৎসাহিত করতেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ফেরত আসা ৪৪ জনকে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের আরও অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে এত দিন বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন।

তিনি বলেন, সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপের অবস্থান দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।

শরিফুল হাসান আরও বলেন, ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও অনিয়মিত পথে ইউরোপে গিয়ে শেষ পর্যন্ত কোনো ফল পাওয়া যাচ্ছে না। অথচ অনেকের ধারণা, যেভাবেই হোক ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

ফেরত আসা ৪৪ জনের মধ্যে টিকটকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার প্রচারণা চালানো একজনের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিদেশগামীদের আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।