প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ২০:১৮ (শুক্রবার)
সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের আলোচিত সভার ঘটনায় সিলেটের রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’-এর দুই কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে রিসোর্টটি বন্ধ করে তালা দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার ভোররাত ৩টার দিকে রাতারগুলে অবস্থিত রিসোর্টটি বন্ধ করে দেয় পুলিশ। এ ঘটনায় দুই রিসোর্ট কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তিনি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙিয়ে আয়োজন করা হয় খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে শিক্ষা সফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টাঙানো হয়। এরপর রনজিত সরকার সেখানে প্রায় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

গত সোমবার বিকেলে রনজিত সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়েও তৈরি হয় নানা ধোঁয়াশা। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের ভেতরে সভাটি হয়েছে বলে দাবি করেন।

তবে তদন্তে নেমে পুলিশ সভাস্থল শনাক্ত করে রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট বলে নিশ্চিত হয়।

এ ঘটনায় মঙ্গলবার সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল রাতারগুলের ওই রিসোর্টে গিয়ে সভাস্থল শনাক্ত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রিসোর্টটিতে যান। সুনামগঞ্জের জামালগঞ্জের আইনজীবী রোকন মিয়া শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন।

এদিকে, রনজিত সরকারের সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রিসোর্টের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।