প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ২০:৪০ (বৃহস্পতিবার)
অর্থনীতি সচল রাখতে অভিবাসনে গুরুত্ব দিচ্ছে কানাডা

ছবি: সংগৃহীত

জনসংখ্যা বৃদ্ধির গতি কমে যাওয়া, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় অভিবাসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কানাডা। আগামী তিন বছরে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। পাশাপাশি দক্ষ কর্মী, ফরাসিভাষী অভিবাসী এবং বড় শহরের বাইরে কাজ করতে আগ্রহীদের জন্যও থাকছে বিশেষ সুযোগ।

আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার বিশাল ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা এখনও কম। তবে দেশটির অভিবাসননীতির লক্ষ্য কেবল জনসংখ্যা বাড়ানো নয়; বরং শ্রমিকসংকট মোকাবিলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো।

জনসংখ্যা বৃদ্ধির গতি কমছে

কানাডার পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই দেশটির জনসংখ্যা ছিল ৪ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৪০৭ জন। আগের বছরের তুলনায় জনসংখ্যা বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। ১৯৪৫ সালের পর এটিই অন্যতম সর্বনিম্ন বার্ষিক বৃদ্ধির হার। একই সময়ে দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় স্বাস্থ্যসেবা, পেনশন ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার ওপর চাপ বাড়ছে।

কেন অভিবাসনকে গুরুত্ব দিচ্ছে কানাডা?

কানাডার অভিবাসননীতির অন্যতম লক্ষ্য অর্থনীতির চাকা সচল রাখা, শ্রমিকসংকট মোকাবিলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো। স্বাস্থ্যসেবা, নির্মাণ, কৃষি, পরিবহন, প্রযুক্তি, শিক্ষা ও জ্বালানি খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।

বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় কর্মী পাওয়া কঠিন। এসব অঞ্চলে জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সরকার বিভিন্ন আঞ্চলিক অভিবাসন কর্মসূচি পরিচালনা করছে।

কাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে?

বর্তমানে কানাডার অভিবাসননীতিতে দক্ষতা, শিক্ষা, ভাষাজ্ঞান ও পেশাগত অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, নির্মাণকর্মী এবং প্রযুক্তি ও কৃষি খাতের দক্ষ কর্মীদের জন্য সুযোগ রয়েছে।

এ ছাড়া ফরাসিভাষী অভিবাসী এবং বড় শহরের বাইরে কাজ করতে আগ্রহীদের জন্যও বিশেষ কর্মসূচি রয়েছে। এক্সপ্রেস এন্ট্রি, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি), আটলান্টিক অভিবাসন কর্মসূচি এবং গ্রামীণ ও ফরাসিভাষী সম্প্রদায়ভিত্তিক অভিবাসন কর্মসূচি উল্লেখযোগ্য।

আগামী তিন বছরে কত অভিবাসী নেবে কানাডা?

কানাডার ২০২৭-২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনায় প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি প্রতিবছর নতুন করে ২ লাখ ২০ হাজার অস্থায়ী কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, অস্থায়ী কর্মী ও শিক্ষার্থী মিলিয়ে প্রতিবছর মোট ৩ লাখ ৭০ হাজার নতুন আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থায়ী অভিবাসীদের মধ্যে ৬৪ দশমিক ৪ শতাংশ অর্থনৈতিক অভিবাসন শ্রেণির জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

ভবিষ্যতের কানাডা কোন পথে?

জনসংখ্যা বৃদ্ধির গতি কমে যাওয়া, কর্মক্ষম মানুষের অনুপাত হ্রাস এবং শ্রমবাজারের চাহিদা- সব মিলিয়ে কানাডার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনায় অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

সংশ্লিষ্টদের মতে, কানাডা কেবল জনসংখ্যা বাড়ানোর জন্য অভিবাসী নিচ্ছে না। বরং ভবিষ্যতের শ্রমিকসংকট, বয়স্ক জনগোষ্ঠীর চাপ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজন বিবেচনায় পরিকল্পিতভাবে অভিবাসন পরিচালনা করছে।

ফলে আগামী দিনে শুধু কানাডায় যাওয়ার আগ্রহ থাকলেই হবে না; ভাষাগত দক্ষতা, শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা এবং দেশটির শ্রমবাজারের চাহিদার সঙ্গে নিজের যোগ্যতার সামঞ্জস্য থাকাই অভিবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।