ছবি: সংগৃহীত
দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। তাঁর এ অসামান্য সাফল্যে প্রতিষ্ঠান, পরিবার ও সিলেটবাসীর গৌরব বৃদ্ধি পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে সুশীল সমাজ সিলেট।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুশীল সমাজ সিলেটের সভাপতি ও রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাওলানা এম এ আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরোপ্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার সিলেট ব্যুরোপ্রধান কামাল উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য জিডিএফের স্থায়ী ভবন নির্মাণ এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষা উপকরণের ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেশি-বিদেশি বিত্তশালীদের প্রতিও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সংগীতশিল্পী বাউল কালা মিয়া, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান শাহাদত হোসেন কামাল খান, সাংবাদিক ও ব্যবসায়ী মকবুল হোসেন তালুকদার, জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কনটেন্ট নির্মাতা মাসুক, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরী এবং সংবর্ধিত শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এ ছাড়া বক্তব্য দেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ শিপন এবং দেশ থিয়েটার সিলেটের পরিচালক ও সভাপতি কামাল আহমদ দুর্জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফের ধর্মীয় শিক্ষক আনিসুল হক, হিসাবরক্ষক শাহজাহান, শিক্ষিকা সরুপা বেগম, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম ও সহায়ক কর্মী নূরজাহান বেগমসহ অন্যরা।
দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় জিডিএফের প্রতিষ্ঠাতা রজব আলী খানসহ প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সহযোগিতা করে প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মৌমিকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতিও কৃতজ্ঞতা ও দোয়া জানানো হয়। পাশাপাশি মৌমিসহ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে তাহমিনা আক্তার মৌমি। তিনি সরকারি মদন মোহন কলেজের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন।
তাঁর এ সাফল্য প্রমাণ করে, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও অদম্য মনোবলের পাশাপাশি যথাযথ সহযোগিতা পেলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন।