প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ২১:৪৬ (বৃহস্পতিবার)
অপরিচ্ছন্ন বিদেশি উড়োজাহাজ, নিম্নমানের সেবা ও বেশি ভাড়া নিয়ে বেবিচকের নির্দেশনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান ও বিমান ভাড়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দেওয়ার বৈষম্য দূর করার পাশাপাশি যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশ দিয়েছে বেবিচক। যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, কিছু এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও নিরাপদ, মানসম্মত ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের উপযোগী উড়োজাহাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবার ক্ষেত্রেও একই মান বজায় রাখতে বলেছে বেবিচক। এয়ারলাইন্সগুলো অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা ও সুযোগ-সুবিধা দিয়ে থাকে, বাংলাদেশ রুটেও তা নিশ্চিত করতে হবে। রুটভেদে যাত্রীসেবায় কোনো ধরনের বৈষম্য না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কোনো কোনো রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। এ অবস্থায় রুটের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে তা যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।