সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল ও শাহপরাণ (রহ.) থানা পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে ঝটিকা মিছিলের সময় কাঠের বাটামসহ এবং অপর তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ও ভোরে নগরীর পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে পাকা সড়কে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের সহযোগীরা। তাঁরা বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং সুনামগঞ্জ সদর উপজেলার ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তাঁরা সবাই সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় থাকতেন।
পুলিশের ভাষ্য, গ্রেফতারের সময় তাঁদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল। এ ছাড়া ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ ও ছাই এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মোবাইল ফোনে দেওয়া নির্দেশনায় মামুন প্রকাশ বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তাঁরা মিছিলে অংশ নেন বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করে। তাঁরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুরের বাসিন্দা সাদেক মিয়ার ছেলে সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি মডেল থানার একটি মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মির্জাজাঙ্গালের হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে এবং রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাগবাড়ি এলাকা থেকে নাইম উল ইসলাম নাইম ও জুনায়েদ আহমদকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ছয়জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। পৃথক দুই ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।