প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬ ১৯:০৫ (বৃহস্পতিবার)
সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা

ছবি: সংগৃহীত

পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা আয়োজনের ঘটনায় সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) এবং নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গত ৮ নভেম্বর রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হন। এ সময় তিনি দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। পরে দ্রুত স্থান ত্যাগ করেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ভিডিও প্রকাশ করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সোমবার রাত ১২টার দিকে সিলেট মহানগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্টের মালিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সভা আয়োজনের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাদের সম্পৃক্ততা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টের’ মালিক সোহেল গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার আত্মীয়ের মালিকানাধীন রিসোর্টে এমন একটি সভা আয়োজন এবং ঘটনার পর সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

অন্যদিকে, রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।