প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬ ২০:৪৪ (শুক্রবার)
সিলেটে ভুয়া সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা আটক

মো. শহীদুল ইসলাম

সিলেটে সেনাবাহিনী ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার সীমানাপ্রাচীরসংলগ্ন যাত্রী ছাউনি থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি চৌহাট্টা এলাকার ব্যবসায়ী জুবেল আহমদের (২৫) কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর চা, পান ও সিগারেট বিক্রির ভ্যানগাড়িটি মালামালসহ নিয়ে যান। পরে জুবেলের সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২ হাজার টাকা এবং জুবেল বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা দিলে ভ্যানগাড়িটি ফেরত দেওয়া হয়।

এ ছাড়া গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে তানভীর মিয়া (১৮) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদুল ইসলামের কাছে পরিচয়পত্র দেখতে চায়। তিনি পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন বক্তব্য দেন। এরপর তাঁকে আটক করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১২ নভেম্বর মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০, ৩৮৫ ও ৩৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।