ছবি: সংগৃহীত
বিভাগীয় মামলায় অসদাচরণ ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন- সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ এবং সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জনস্বার্থ ও প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।